গঙ্গাচড়ায় তিস্তা নদীর ভাঙনের মুখে বিদ্যালয়

তিস্তা নদীর ভাঙনের মুখে পড়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের শংকরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালুর বস্তা ফেলে বিদ্যালয়টি রক্ষার চেষ্টা করা হচ্ছে।
সরেজমিনে গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে দেখা যায়, বিদ্যালয়ের টিনের চৌচালা তিনটি ঘর নদীভাঙনের একদম কিনারে এসে পড়েছে। বালুর বস্তা ফেলে বিদ্যালয়টি রক্ষার চেষ্টা করা হচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টি নদী থেকে অনেক দূরে ছিল। সেই সঙ্গে নদীর তলদেশের গভীরতাও ছিল। এখন নদীতে পলি পড়তে পড়তে নদীর তলদেশ ভরাট হয়ে পড়ে।
এর ফলে সামান্য বৃষ্টি ও উজানের পহাড়ি ঢলে বন্যায় নদীর ভাঙন আগের থেকে অনেক বেশি। এবার বিদ্যালয়টি রক্ষা হবে কি না, তা বলা যাচ্ছে না। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গত সোমবার থেকে বালুর বস্তা ফেলে বিদ্যালয়টি রক্ষার চেষ্টা করছে।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৪৮ জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষক কর্মরত।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হাবিবা খাতুন ও মামুনুর রশীদ বলে, ‘স্কুলটি নদীত ভাঙি গেইলে পড়ার জন্য আর কোনো স্কুল থাকপার নয়। তখন কোণ্ঠে পড়মো তা জানি না।’
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন আগে নদী থেকে স্কুল দূরেই ছিল। তা ভাঙতে ভাঙতে স্কুলের কিনারে এসে পড়েছে। বিদ্যালয়টি রক্ষা করা সম্ভব হবে কি না, তা বলা যাচ্ছে না। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কমে গেছে।’
পাউবোর রংপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাহমুদ আহমেদ বলেন, নদীর ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষার জন্য ইতিমধ্যে বালুর বস্তা দিয়ে কাজ শুরু হয়েছে।