গঙ্গাচড়ায় তিস্তার ভাঙন আতঙ্কে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর ভাঙনের হুমকির মধ্যে পড়েছে কমিউনিটি ক্লিনিক, মসজিদ, বাজার, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা। ভাঙতে ভাঙতে নদী রংপুর নগর রক্ষা বাঁধের চার ফুট দূরে চলে এসেছে।গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গান্নারপাড় এলাকায় ১৬ ফুট প্রস্থের গঙ্গাচড়া-মহিপুর পাকা সড়কের ১২ ফুট গত তিন দিনে নদীভাঙনে বিলীন হয়ে গেছে। সড়কের বাকি অংশ ভাঙলে উপজেলার সঙ্গে মহিপুরের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়বে। এই সড়ক ঘেঁষেই রয়েছে তিস্তা প্রতিরক্ষা মূল বাঁধ (রংপুর নগর রক্ষা বাঁধ)। সড়কটি ভেঙে গেলে নদী এই বাঁধে আঘাত হানবে। এ কারণে নদীপারের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর বলেন, ‘আমি সোমবার ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেছি। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কোনো কাজ করা না হলে বাঁধটি পুরোপুরি হুমকির মধ্যে পড়ে যাবে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন দিন ধরে উজান থেকে পানি নেমে আসায় হঠাৎ করে তিস্তার পানি বেড়েছে। এ কারণে গান্নারপাড় এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, ১০-১২ দিন আগে ওই এলাকায় নদীভাঙন শুরু হলেও গত তিন দিনে ভাঙন তীব্র হয়েছে। হুমকির মুখে রয়েছে গান্নারপাড়, মহিপুর বাজার, কমিউনিটি ক্লিনিক, গান্নারপাড় রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি মসজিদ।গান্নারপাড় এলাকার কৃষক সায়েদার রহমান বলেন, ‘বাহে, এই বাঁধ যদি এবার ভাঙা শুরু করে, তাইলে হামরাগুলো নিঃস্ব হয়া যামো।’ একই এলাকার কৃষক হিরু মিয়া বলেন, ‘নদীর ভাঙন এবার হামাক বুঝি শেষ করি ফেলাইবে।’গঙ্গাচড়া সদর ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, নদী যেভাবে ভাঙছে, তাতে নগর রক্ষা বাঁধ ভাঙার উপক্রম হয়েছে। ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার জন্য কয়েকবার পাউবো কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রংপুরের নির্বাহী প্রকৌশলী আবদুস শহীদ বলেন, ‘যে পাকা সড়কটি ভাঙছে, সেটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। মূল বাঁধে আঘাত হানলে আমরা ভাঙন রোধের চেষ্টা করব।’