গঙ্গাচড়ায় ধানে চিটা
‘এই ধানের বীজ বপন করিয়া হামার সর্বনাশ হয়ে গেল। এবার হাত পাতিয়া দেনা করি আমন না উঠা পর্যন্ত চলা নাগবে।’ বোরো খেতের পাশে দাঁড়িয়ে এভাবেই আক্ষেপ করেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা গ্রামের কৃষক বাবুল ফেরদৌস।এই ক্রষকের মতো অনেকের খেতে চিটা দেখা দিয়েছে। উপজেলার হাবু কুঠিবাড়ী, জয়দেব, আলালের চরসহ বিভিন্ন এলাকায় উঠতি বোরো খেতে ব্যাপক হারে এই রোগ দেখা দিয়েছে।জানা গেছে, এ বছর গঙ্গাচড়ার কৃষকেরা স্থানীয়ভাবে ব্রি-২৯ জাতের ধানবীজ সংগ্রহ করে রোপণ করেছেন। ধানের শিষ বের হওয়ার পর শিষগুলো শুকিয়ে যেতে থাকে। এ সময় ওষুধ ছিটানো হয়েছিল। কিন্তু এতে কোনো উপকার হয়নি। একসময় পুরো খেতের ধান চিটা হয়ে যায়।কৃষক আফছারুল বলেন, ‘কতো ওষুধ ছিটানো বাহে, কোনো কাম হইল না। এবার হামাক পথোত বসা নাগবে।’ একই অবস্থা অন্যদেরও।উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ আলী বলেন, ‘ধানে ব্যাপক চিটা দেখেছি। দিনে গরম ও রাতে শীত অনুভব হওয়ায় এ রকম হয়েছে। এ রোগের নাম নেকব্লাস্ট। কৃষকেরা আগাম ধান পাওয়ার আশায় ১৫ দিন আগে ধান লাগানোর কারণে এ সমস্যা হয়েছে। সময়মতো কীটনাশক ব্যবহার করলে এ রোগ থেকে রক্ষা পাওয়া যেত।’