গঙ্গাচড়ায় নগর রক্ষা বাঁধ হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর ভাঙনে নগর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। বালুর বস্তা ফেলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধ রক্ষার চেষ্টা করছে।পাউবো জানায়, গতকাল শনিবার পর্যন্ত প্রায় আট হাজার বস্তা বালু ফেলা হয়েছে। ২০১২ সালের সেপ্টেম্বরে এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁশের পাইলিং করে বালুর বস্তা ফেলে বাঁধের ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তা ভেস্তে যায়।সরেজমিনে দেখা যায়, কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির তোড়ে ভাঙতে ভাঙতে তিস্তা নদীর প্রতিরক্ষা বাঁধে (নগর রক্ষা বাঁধ) এসে ঠেকেছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত ধামুর এলাকার কৃষক আলেফ উদ্দিন বলেন, ‘গত বছর এই বাঁধ থাকি নদী অনেক দূরোত আছলো। ভাঙন ঠেকপার জন্য পাউবো সময়মতো কাজ করে নাই বলিয়া হামার অনেক আবাদি জমি কয়েক মাসোত নদীত ভাঙি গেইছে।’সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শ্যামল রায় বলেন, বাঁধের ভাঙন রক্ষার জন্য স্থানীয় মানুষের উদ্যোগে সেখানে গাছ কেটে ফেলা হলেও তা পানির তোড়ে ভেসে গেছে। এখন বালুর বস্তা ফেলা হচ্ছে। সদর ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, বাঁধ রক্ষা করা খুবই জরুরি। তা না হলে গঙ্গাচড়া উপজেলা সদর ভেঙে পড়ার উপক্রম হবে। রংপুর পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, প্রতিরক্ষা বাঁধটি রক্ষার চেষ্টা করা হচ্ছে। সেখানে প্রতিনিয়ত বালুর বস্তা ফেলা হচ্ছে। তিস্তা ব্যারেজ নিয়ন্ত্রণ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাইনুদ্দিন আহমেদ জানান, সীমান্তের ওপার থেকে পানি নেমে আসায় গত শুক্রবার থেকে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে। এভাবে পানি আসা অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।