গঙ্গাচড়ায় নির্মাণকাজ শেষ না হতেই বাঁধে ধস
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর তীরবর্তী বাঁধ নির্মাণের কাজ শেষ হতে না-হতেই বাঁধ রক্ষার জন্য দেওয়া বোল্ডার ধসে পড়ছে। বাঁধের পাশ ঘেঁষে নদী থেকে অবাধে বালু উত্তোলন করায় ধস শুরু হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বোল্ডার তৈরিতে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার না করা ও নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জেলার গঙ্গাচড়া উপজেলার গান্নারপাড় এলাকার তিস্তার তীরে প্রায় সোয়া কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণের জন্য গত বছরের ফেব্রুয়ারিতে দরপত্র আহ্বান করা হয়। কার্যাদেশ অনুযায়ী, মাটি কেটে বাঁধ নির্মাণ ও বাঁধ রক্ষায় সিমেন্ট-বালুর তৈরি বোল্ডার ফেলা শুরু হয়। এর মধ্যে বর্ষা মৌসুম আসায় কাজ বন্ধ রাখা হয়। বাঁধের অসমাপ্ত প্রায় ২০০ মিটারের নির্মাণকাজ শুরু হয় গত ফেব্রুয়ারি থেকে। বাঁধের এই অংশটুকু তৈরিতে নদী থেকে বালু তুলে ব্যবহার করা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাঁধের কয়েক জায়গায় বোল্ডার ধসে নদীতে চলে গেছে। বিভিন্ন স্থানে বোল্ডার ভেঙে পড়ছে। স্থানীয় হায়দার আলী (৬৫), মজিবর রহমান (৫৫), ইলিয়াস আলী (৪০) ও মোকসু মিয়া (৬০) অভিযোগ করেন, বোল্ডার তৈরিতে সিমেন্ট কম দেওয়ায় তা মজবুত হয়নি। তাই নদীর পানি সামান্য বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বোল্ডার ধসে পড়ছে। গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, সামান্য এই কাজের জন্য যদি এক বছরের বেশি সময় লাগে, তাহলে ভাঙন রোধ করা কীভাবে সম্ভব হবে? এ ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোনো ও তদারকি জোরদার করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক বলেন, বর্ষাকালে বাঁধের কাজ করা ঠিক নয়। এ কাজ শুষ্ক মৌসুমে করা উচিত। আর ঠিকাদারদের বারবার বালু উত্তোলন না করতে বলা হলেও তাঁরা তা মানছেন না। ঠিকাদার হাছানুল আলম বলেন, ‘কাজের চলতি বিল না পাওয়ায় গত বছর যথাসময়ে বাঁধ নির্মাণের কাজ শেষ করতে পারিনি। বাকিটুকু এখন করা হচ্ছে।’ বোল্ডার নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়নি বলে দাবি করে তিনি বলেন, বোল্ডার তৈরির পর প্রকৌশলীরা এসে যাচাই করেছেন এবং মানসম্পন্ন হয়েছে বলে মত দিয়েছেন। বালু উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, ভালো মানের বালু বলেই সেখান থেকে উত্তোলন করা হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে বাঁধের বাকি কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম। বাঁধের পাশের নদী থেকে বালু উত্তোলনের প্রসঙ্গে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারটি আমি জানি না।’