গঙ্গাচড়ায় স্কুলছাত্রকে গলা কেটে হত্যা
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ১৪ বছরের এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজ সোমবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই কিশোরের নাম রতন রায়। পুলিশ ও তার পরিবার জানায়, রতন রায়ের বাড়ি উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা বাঁশবাড়ি এলাকায়। তার বাবার নাম বলরাম রায়। গতকাল রাত ১০টার দিকে সে বাসা থেকে বের হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ সকাল নয়টার দিকে রতন রায়ের লাশ তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের খুকশিয়া মাঠ থেকে উদ্ধার করা হয়। সে বড়বিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রতনের বাবা বলরাম রায় বলেন, ‘আমার ও আমার ছেলের সঙ্গে কারও কোনো ঝগড়াও ছিল না।’ তিনি জানান, রাত ১০টার দিকে ভাত খাওয়ার পর সে বাড়ির বাইরে বের হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে জানাজানি হয় যে রতনের লাশ খুকশির মাঠে পড়ে আছে।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ধারালো ছোরা দিয়ে রতনের গলা কেটে দেওয়া হয়েছে। ঘটনাটি লোমহর্ষক। এ ঘটনায় এখনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।