গঙ্গাচড়ায় ১৫ গ্রামে বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রংপুরের গঙ্গাচড়ায় বন্যা দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিস্তা নদী তীরবর্তী ১৫টি গ্রামের বাড়িঘর তলিয়ে গেছে। পনিবন্দী হয়ে পড়েছে পাঁচ হাজার পরিবার। ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্র জানায়, আকস্মিক বন্যায় নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া, কচুয়া, নোহালীর চর এলাকায় প্রায় এক হাজার পরিবার, কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল, মটুকপুর, উত্তর কোলকোন্দ, গোডাউনের হাট ও বিনবিনা গ্রামে দেড় হাজার পরিবার, লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরহদ, পূর্ব ইছলী, পশ্চিম ইছলী, জয়রামওঝা, ইশোরকুল গ্রামের দেড় হাজার পরিবার, মর্নেয়া ইউনিয়নের মৌভাষা, উত্তর মর্নেয়া গ্রামে প্রায় ৫০০ পরিবার এবং গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক, মহিষাসুর ও জয়দেব গ্রামের ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, পানিবন্দী পরিবারগুলো বাঁধসহ উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বন্যায় পথঘাট তলিয়ে যাওয়ায় চরাঞ্চলসহ অনেক স্থানে যোগাযোগ-ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লক্ষ্মীটারী ইউনিয়নের পশ্চিম ইছলীর আলেয়া বেগম বলেন, ‘হঠাৎ করি এই বন্যা দেখা দিছে। ঘরের ভেতর পানি উঠছে।’ একই ইউনিয়নের শংকরদহ গ্রামের আনোয়ার হোসেন বলেন, ‘রাস্তাঘাট ডুবি গেইছে। পথঘাট চেনা যায় না। চলাচলের জন্য কলাগাছের ভেলা দিয়া যাওয়া-আসা করতোছি।’ কোলকোন্দ ইউপির চেয়ারম্যান মমিনুর ইসলাম জানান, বৃষ্টি হলেও বন্যা ছিল না। কিন্তু গত দুই দিনে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। এখন পর্যন্ত কোনো সরকারি সাহায্য পাওয়া যায়নি। লক্ষ্মীটারী ইউপির চেয়ারম্যান ফয়সাল আহমেদ বলেন, আকস্মিক বন্যায় অনেক বাড়িঘর তলিয়ে গেছে। মানুষজন চরম দুর্ভোগে আছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের এখনো তালিকা করা হয়নি। তবে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা উপজেলা প্রশাসনের কাছে চাওয়া হয়েছে।