গঙ্গাচড়ায় ৫০ কিলোমিটার সড়কে খানাখন্দ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার অধিকাংশ সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গঙ্গাচড়া কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নে ৪১৭ কিলোমিটার সড়ক আছে। এর মধ্যে পাকা ১২৪ কিলোমিটার। পাকা সড়ক অংশের ৫০ কিলোমিটারের অবস্থাই খারাপ। এ বছর শুধু তিন কিলোমিটার সড়কে সংস্কারের কাজ হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হাবু মোড় থেকে কিশামত হাবু মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার, গজঘণ্টা বাজার থেকে রাজবল্লভ পর্যন্ত দুই কিলোমিটার ও জয়দেব এলাকায় এক কিলোমিটার, কোলকোন্দ ইউনিয়নের পীরের হাট থেকে গোডাউনের হাট পর্যন্ত তিন কিলোমিটার, বুড়িরহাট থেকে গজঘণ্টা পর্যন্ত চার কিলোমিটার সড়কের অবস্থা খুবই করুণ। এসব সড়কে ইট ও খোয়া উঠে গিয়ে অনেক গর্তের সৃষ্টি হয়েছে।বুড়িরহাটের ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, ‘রাস্তাগুলা দেখার মনে হয় কায়ও নাই।’কোলকোন্দ ইউনিয়নের গোডাউনের হাট এলাকার কৃষক শমসের মিয়া বলেন, ‘হামার এই রাস্তাগুলার পাকে কায়ও নজর দেয় না।’ গজঘণ্টা ইউনিয়নের কিশামত হাবু গ্রামের শিক্ষক কমল কান্ত রায় বলেন, ‘অনেক দিন থেকে রাস্তাগুলো সংস্কার করা হয় না। যেকোনো যানবাহন চলাচল করা কষ্টকর হয়ে উঠেছে।’গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী আলাউদ্দিন হোসেন বলেন, সড়কগুলো সংস্কারে প্রকল্প গহণ করা হয়েছে। তবে বরাদ্দ কম হওয়ার কারণে এসব জনগুরুত্বপূর্ণ বেহাল সড়কের সংস্কারকাজ দ্রুত করা সম্ভব হয়ে উঠছে না। গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক বলেন, এমনিতেই নদীভাঙনের শিকার এই উপজেলা। তার ওপর সবগুলো সড়কের বেহাল অবস্থা। এতে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কগুলো সংস্কারের বিষয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে। কিন্তু পর্যাপ্ত অনুদান না পাওয়ায় সড়কগুলো সংস্কার করা যাচ্ছে না।