গঙ্গাজল নিয়ে দীর্ঘ পদযাত্রা
প্রায় ১২ কিলোমিটার দূরে বড়াল নদ। সেখান থেকেই পদযাত্রা শুরু। তাতে হাজারো মানুষ। সবারই নগ্ন পা। হাতে ছোট ঘটিভর্তি জল। পদযাত্রা শেষে গতকাল সোমবার দিনভর রাজশাহীর পুঠিয়ার বড় শিবমন্দিরের শিবশিলায় এই জল অর্পণ করা হয়। শিলায় গঙ্গাজল দিলে দেশে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে—এই বিশ্বাস সবার।
পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সভাপতি আইনজীবী সুশান্ত কুমার ঘোষ জানান, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর পাগলাবাবা মহাপুণ্য নগ্ন পদযাত্রাসহকারে শিবশিলায় পবিত্র গঙ্গাজল অর্পণ উৎসবের শুরু করেন। ১৯৮৯ সাল থেকে তাঁর নেতৃত্বে প্রতিবছর শ্রাবণ মাসের শেষ সোমবার খালি পায়ে শোভাযাত্রাসহকারে এই মন্দিরের শিবশিলায় গঙ্গাজল অর্পণ চলে আসছে। প্রায় ২৫ বছর ধরে তিনি ভারতে রয়েছেন। সেখান থেকে প্রতিবছরের মতো এবারও তিনি এই শোভাযাত্রায় যোগ দিতে এসেছেন।
রীতি অনুযায়ী, খালি পায়ে হেঁটে এই জল আনতে হবে নিকটবর্তী কোনো স্রোতস্বিনী থেকে। রাজশাহীর পুঠিয়ার কাছের স্রোতস্বিনী হচ্ছে আড়ানীর বড়াল। সেখানে থেকে জল আনতে শুরু হয় ১২ কিলোমিটারের পদযাত্রা। এবারও তার ব্যতিক্রম হয়নি। যতদূর চোখ যায় মানুষের ভিড়। অনেকটা পিঁপড়ার সারির মতো।
নাটোরের ব্রহ্মপুর থেকে পুঠিয়ায় এসেছিলেন গৃহবধূ অসীমা সাহা ও সোমা মানী (২৫)। তাঁদের দুজনের একই কথা, পরিবারের শান্তি লাভের আশায় এসেছেন। বিপ্লব সাহা এসেছেন ভারতের মালদহ জেলা থেকে। তিনি বলেন, প্রতিবছরই তিনি এই পদযাত্রায় যোগ দিতে আসেন। কিছু পেয়েছেন তাই আসেন।
প্রতিবারের মতো এবারও মন্দিরের সামনেই করা হয় মঞ্চ। মন্দিরের উত্তর পাশে রয়েছে বিশাল দিঘি। দিঘি থেকে মন্দিরে উঠে আসার সিঁড়ি রয়েছে। দিঘিতে ভোর থেকে বেলা তিনটা পর্যন্ত চলে স্নান উৎসব। স্নান সেরে সিঁড়ি বেয়ে সবাই উঠে আসছেন মন্দিরের দ্বিতীয়তলায়। এই তলার চারপাশ দিয়েই রয়েছে বারান্দা। পুণ্যার্থীরা মাথায় জলের ঘটি নিয়ে এই বারান্দা দিয়ে তিন পাক দিয়ে এসে মন্দিরের ভেতরে ঢুকছেন। এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত ছিল মানুষের উপচে পড়া ভিড়। তাঁদের মুখে ‘বোম বোম’ ধ্বনি।
হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতি সূত্রে জানা যায়, ১২৩২ বঙ্গাব্দে মহারানি ভুবনময়ী দেবী পুঠিয়ায় বড় শিবমন্দির স্থাপন করেন। এই মন্দিরে সিঁড়ি আছে ৬৪টি। গম্বুজ ৪৪৫টি। এই মন্দিরের দোতলায় একটি কক্ষ আছে। এখানেই রয়েছে নকশাখচিত বিশাল শিবলিঙ্গ। ১৯৭১ সালের ২২ এপ্রিল পাকিস্তানি বাহিনী মন্দিরের দরজা ভেঙে শিবলিঙ্গটি তুলে ফেলে। তারা অস্থাবর সম্পত্তি লুট করে নিয়ে যায়। ১৯৮৬/৮৭ সালে পাশের এলাকা আড়ানীর পাগলাবাবা জিতেন্দ্রনাথ চৌধুরীর ইচ্ছায় শিবলিঙ্গটি আগের জায়গায় পুনঃস্থাপন করা হয়।