গঙ্গামতী ও কাউয়ার চর সৈকত সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাপলীবাজার থেকে কাউয়ার চর পর্যন্ত চার কিলোমিটার সড়কের অবস্থা বেহাল। ফলে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য কাউয়ার চর ও গঙ্গামতী সৈকতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের কার্পেটিং উঠে নিচের খোয়া-বালু বের হয়ে গেছে। সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে সড়ক দেবে গেছে। ফলে এই সড়কে গাড়ি চলাচল তো দূরের কথা, হাঁটাও দুষ্কর হয়ে পড়েছে। সড়কটির পশ্চিম প্রান্তের সিরাজ মাঝির বাড়ি থেকে পূর্বদিকে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বটতলা পর্যন্ত পুরোটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া সপ্তাহ দুয়েক আগে কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে সড়কটির দুই পাশ মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এতে বৃষ্টি হলে গোটা সড়কে পানি আটকে যাবে। তখন সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে ধুলাসার ইউনিয়নের চর চাপলী, চর কাউয়া, পশ্চিম চাপলী, চর গঙ্গামতী ও কাউয়ার চর এলাকার বাসিন্দাসহ পর্যটকদের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হবে। সড়কটির বেহাল অবস্থার কারণে চর চাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর চাপলী হাফেজিয়া মাদ্রাসার ৫০০ শিক্ষার্থী প্রতিদিন কষ্ট করে যাতায়াত করে।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০০৪-২০০৫ অর্থবছরে ৫০ লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়েছিল। এলাকার বেশ কয়েকজন জানান, বিগত জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোট প্রার্থীর গ্রামের বাড়ি এই সড়কের পূর্বপ্রান্তে হওয়ায় সড়কটির সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাক হাওলাদার বলেন, ‘উন্নয়ন লইয়া রাজনীতি করা তো উচিত না। উন্নয়ন করলে হ্যাগো যেমন লাভ, না করলে হ্যাগোই ক্ষতি।’ চর চাপলী গ্রামের বাসিন্দা শাহ আলম জোমাদ্দার বলেন, ‘আমরা যে কী দুরবস্থার মধ্যে আছি, হেইয়া কইতে পারি না। সরকার চাইরডা বছর পার করছে, হেইয়ার মধ্যে রাস্তাডা করলে না। এ্যাহনো যদি রাস্তার কামডা না করে, খেসারত হ্যাগোই দেতে অইবে।’ ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক ইকবাল আহমেদ বলেন, ‘এই এলাকার সৌন্দর্য দেখে ঠিকই মুগ্ধ হয়েছি। তবে গঙ্গামতী ও কাউয়ার চরে যাওয়ার সড়কটির যে অবস্থা, তা দেখে সব আনন্দ ম্লান হয়ে গেছে। পর্যটনের স্বার্থেই সড়কটি সংস্কার করা জরুরি।’ এলজিইডির উপজেলা প্রকৌশলী প্রণব কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘রাস্তাটি গ্রামীণ সড়কের শ্রেণীভুক্ত। পর্যাপ্ত অর্থ না থাকায় এই শ্রেণীর সড়ক মেরামত করা যাচ্ছে না। আগামী অর্থবছরে সড়কটি মেরামতের প্রস্তাব করা হবে।’