গঙ্গার পানি চুক্তির মতো তিস্তা চুক্তিও হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার নোয়াখালীর কবিরহাটে এক অনুষ্ঠানে তিনি বলেন, তিস্তা চুক্তি এখন শেষ পর্যায়ে। এ নিয়ে কারও দ্বিধাদ্বন্দ্ব থাকার কারণ নেই।
কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে নবপ্রতিষ্ঠিত দক্ষিণ অমরপুর কামরুন নাহার প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। মন্ত্রিত্বের পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন তিনি। কবিরহাট তাঁর নির্বাচনী এলাকা।
তিস্তা চুক্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী এপ্রিলে ভারতে যাচ্ছেন। তখন যদি না হয়, তারপর যেকোনো সময় হতে পারে। ভারত আর বাংলাদেশ কোনো দূরের দেশ নয়। এ নিয়ে যাঁরা পানি ঘোলা করার চেষ্টা করছেন, তাঁরা নিজেরা কিছু করতে পারেননি। তিনি বলেন, যত ষড়যন্ত্রই হোক, বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে শেখ হাসিনা কখনো কারও কাছে মাথা নত করবেন না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের স্বার্থে ভারতের সঙ্গে চুক্তি হবে প্রকাশ্যে। সমঝোতা স্মারক হবে প্রকাশ্যে। সবকিছু হবে খোলামেলা। গোপনীয়তার কিছু নেই। ভারতের সঙ্গে চুক্তি হবে বাংলাদেশের জনগণের স্বার্থে। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনে নির্বাচন। ঘরের মধ্যে ঘর করা বন্ধ করতে হবে।
কবিরহাটের বিদ্যালয়টির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বেলায়েত হোসেন। বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম জাফর উল্যাহ, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি-এলজিইডি) মাহে আলম, জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ প্রমুখ।