গজনবী রোডে অন্তহীন দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খানাখন্দে ভরা মোহাম্মদপুরের গজনবী রোড। গত বুধবার বিকেলে তোলা ছবি l প্রথম আলো
খানাখন্দে ভরা মোহাম্মদপুরের গজনবী রোড। গত বুধবার বিকেলে তোলা ছবি l প্রথম আলো

মিরপুর রোডের কলেজ গেট থেকে মোহাম্মদপুর যাওয়া-আসার মূল সড়ক গজনবী রোড। কিন্তু আবর্জনা, ছোট-বড় গর্ত আর দখলের কারণে দুর্ভোগের শেষ নেই মোহাম্মদপুরবাসীর।
এই সড়কে চলাচলকারীরা বলছেন, দীর্ঘদিন ধরেই সড়কটির এই হাল। কিন্তু সমস্যার সমাধানে কর্তৃপক্ষের উদ্যোগ চোখে পড়ছে না তাঁদের।
গজনবী রোডের এক মাথা থেকে অন্য মাথার দূরত্ব আধা কিলোমিটারের মতো। প্রস্থে ২০ থেকে ২৫ ফুট। সড়কের মাঝ বরাবর কেটে বসানো হয়েছে পয়োনালা। কিন্তু কাটা সড়কটি আর ঠিক করা হয়নি।
সরেজমিনে দেখা গেছে, সড়কের মাঝামাঝি জায়গায় রাখা হয়েছে আবর্জনা ফেলার কনটেইনার। কনটেইনার উপচে আবর্জনা চারপাশেও ছড়িয়ে পড়েছে। আবর্জনা থেকে আসা দুর্গন্ধ থেকে বাঁচতে নাক চেপে হাঁটতে হয় পথচারীদের।
এই সড়কের শুধু এক পাশে আছে ফুটপাত। অন্য পাশে জেনেভা ক্যাম্প ঘেঁষে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট। আবার ফুটপাতের ওপর রাখা হয়েছে রিকশা, পুরোনো মোটরসাইকেল, ভাঙা গাড়ির যন্ত্রাংশসহ নানা কিছু। তাই চাইলেও এই ফুটপাত ধরে হাঁটার উপায় নেই। আর যে পাশে (জেনেভা ক্যাম্প) ফুটপাত নেই, সেই পাশে সড়কের প্রায় অর্ধেক দখল করে বানানো হয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ওয়ার্কশপ, রিকশার অস্থায়ী গ্যারেজ।
গত বুধবার দুপুরে এই সড়কে কথা হয় সলিমুল্লাহ রোডের বাসিন্দা নিগার সুলতানার সঙ্গে। তিনি বলেন, প্রায় পাঁচ বছর ধরে তিনি সলিমুল্লাহ রোডে থাকেন। পাঁচ বছর আগেও সড়কটির প্রায় একই অবস্থা দেখেছেন। তিনি বলেন, ছেলেকে নিয়ে স্কুলে যেতে-আসতে প্রতিদিন এই পথ ব্যবহার করতে হয়। গর্তের কারণে রিকশায় চলাচল করতে কষ্ট হয়।
মোহাম্মদপুরের আরেক বাসিন্দা আবির হোসেন বলেন, এই সড়কের মতো নোংরা সড়ক এই এলাকায় আর নেই। বৃষ্টি হলে সড়কের মধ্যে রাখা আবর্জনা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। তখন হাঁটাও যায় না। তাঁর মতে, এই সড়কের মতো ভাঙাচোরা সড়ক গোটা মোহাম্মদপুর এলাকায় আর একটিও নেই।
গজনবী সড়কটির পাশেই মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। মোহাম্মদপুর মডেল স্কুলের এক শিক্ষার্থী বলল, দুপুরে এই সড়কটি সিএনজিচালিত অটোরিকশায় ভরে থাকে। তখন স্কুল থেকে বের হয়ে সড়কে দীর্ঘ যানজটে পড়তে হয়।
ছমির উদ্দিন নামের এক অটোরিকশাচালক বলেন, এই সড়কে যে অটোরিকশা ও রিকশা থাকে, তার অধিকাংশেরই মালিক জেনেভা ক্যাম্পের বাসিন্দা। ক্যাম্পে রাখার জায়গা না থাকায় সড়কে রাখা হয়। তবে সব সময়ই সড়কে অটোরিকশা ও রিকশা থাকে না। দুপুরে পালাবদলের সময় রিকশা ও অটোরিকশার ভিড় কিছুটা বাড়ে।
স্থানীয়রা বলেছেন, বছরখানেক আগে এই সড়কের অবস্থা আরও খারাপ ছিল। পয়োনালার পানি উঠে যেত সড়কে। তখন দুর্ভোগ আরও বেশি ছিল। কয়েক মাস আগে পয়োনালা ঠিক করা হয়েছে। কিন্তু সড়কটি আর মেরামত করা হয়নি। এতে সড়কের গর্তগুলো আস্তে আস্তে আরও বড় হয়েছে। সেসব গর্তে ছোট গাড়ি ও মালবোঝাই পিকআপের আটকে পড়ার ঘটনাও ঘটছে।
স্থানীয় রিকশাচালক মোবারক হোসেন বলেন, আগে সড়কের গর্ত এত বড় ছিল না। সম্প্রতি সড়কের কিছু জায়গায় গর্ত এত বড় হয়েছে যে যাত্রী নিয়ে রিকশা চালানো যায় না। চালকের আসন থেকে নেমে রিকশা টেনে গর্ত পার করতে হয়।
সড়কটির দুরবস্থা নিয়ে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান বলেন, পয়োনালা ঠিক করতে রাস্তাটি কাটা হয়েছিল। এর পরপরই কাটা রাস্তাটি সংস্কার করলে কিছুদিন পর আবার রাস্তা ভেঙে যেত। কাটা অংশের মাটি যাতে ঠিকভাবে বসে সে জন্য সময় নেওয়া হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে এই সমস্যা আর থাকবে না। তিনি বলেন, সড়কটি ঘেঁষে জেনেভা ক্যাম্প থাকার কারণে সড়কে অন্য সমস্যাগুলো হচ্ছে। সরকারের পরিকল্পনা রয়েছে ক্যাম্পের বাসিন্দাদের অন্য জায়গায় পুনর্বাসন করার। পুনর্বাসন প্রক্রিয়া শেষ হলে এই সড়ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সড়কের দুই পাশেই ফুটপাত, মাঝখানে বিভাজক তৈরি করা হবে।