গজারিবনে শিক্ষার আলো
‘ক্যাম্পুরিতে এসে যে দিকেই তাকাই সে দিকেই কিছু না কিছুর শেখার আছে। মৌচাকে প্রথম দিন আসার পর জানতে পারলাম আমাদের তাঁবু পড়েছে সৈয়দ নজরুল ইসলাম ভিলেজের সেন্ট মার্টিন সাব-ক্যাম্পে। দুটি নাম শুনেই শিক্ষকদের জিজ্ঞেস করি, সেন্ট মার্টিনের নাম শুনেছি কিন্তু সৈয়দ নজরুল ইসলাম কে। তখনই জানতে পারলাম সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের নামে ক্যাম্পুরির যে চারটি ভিলেজের নাম রাখা হয়েছে তাঁরা আমাদের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁরা আমাদের জাতীয় নেতা। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে তাঁদের নির্মমভাবে হত্যা করা হয়।’ কথাগুলো বলছিল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের গজারিবনে সপ্তম জাতীয় কাব ক্যাম্পুরিতে আসা সুমাইয়া আক্তার। সুমাইয়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া শিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। শুধু সুমাইয়া নয়, ক্যাম্পুরিতে আসা কাবদের প্রায় সবাই এখন জাতীয় চার নেতা সম্পর্কে জানে।ঝিনাইদহের হরিণাকুণ্ড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্কাউট লিডার মতিয়ার রহমান বলেন, মৌচাকের গজারিবনে এখন শুধুই শিক্ষার আলো। ছোট ছোট কাবরা যেদিকে যাচ্ছে সেখানেই কিছু না কিছু শিখছে। কাবরা প্রতিদিন যেসব ইভেন্টে অংশ নিচ্ছে তার সবই শিক্ষামূলক। এই শিক্ষা শিক্ষার্থীদের আজীবন কাজে লাগবে।‘সকল বাধা পেরিয়ে যাব’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া সাত দিনব্যাপী কাব ক্যাম্পুরির পঞ্চম দিন ছিল গতকাল। চারটি ভিলেজের শিশু-কিশোরেরা গতকালও নানা ইভেন্টে অংশ নিয়েছে। এর মধ্যে তাজউদ্দীন আহমদ ভিলেজের দুই সহস্রাধিক কাব স্কাউট নন্দন পার্কে দিনব্যাপী আনন্দ ভ্রমণের মধ্য দিয়ে দিন কাটিয়েছে।সৈয়দ নজরুল ইসলাম ভিলেজে সকালে ‘প্রযুক্তির আলো’ অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার এ কে এম ইসতিয়াক হোসাইন এবং দুপুরে ‘বন্ধু খুঁজি’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল সাফায়েতুল ইসলাম। ক্যাম্পুরির বঙ্গবন্ধু এরিনায় ‘কাব কার্নিভাল’ অনুষ্ঠানে স্কাউটসের জাতীয় কমিশনার (গার্ল-ইন স্কাউটিং) নাজমা শামস এবং দুপুরে ‘উৎসব’ অনুষ্ঠানে এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজেশ আলী খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।