গজারিয়ায় কাগজের কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় বসুন্ধরা গ্রুপের একটি কাগজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রায় চার ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ রোববার সকাল সোয়া নয়টার দিকে কারখানাটিতে আগুন লাগে। বেলা সোয়া একটার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বসুন্ধরা পেপার্স লিমিটেডের ওই কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। বেলা সোয়া একটার দিকে পাঁচটি দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার নিরাপত্তারক্ষী আনসার সদস্য অসীম সরকারের ভাষ্য, সকাল সাড়ে আটটার দিকে তিনি কারখানা থেকে ভবেরচর বাজারে যান। সোয়া নয়টার দিকে ফিরে গিয়ে দেখেন, কারখানার ৩ নম্বর ইউনিটে আগুন লেগেছে। সেখানে বসুন্ধরার টয়লেট টিস্যু তৈরি হয়।

দুপুর ১২টার দিকে কারখানার উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কারখানার আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: