গজারিয়ায় গাড়িচাপায় শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ সোমবার সকালে গাড়িচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকাল সোয়া নয়টার দিকে ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফ হোসেনকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনার পরপরই স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী ভাটেরচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে ২০-২৫ জন যাত্রী আহত হন। অবরোধের কারণে মহাসড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। বিচারের আশ্বাস দিয়ে সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দেলাওয়ার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, আটক করা হয়েছে কাভার্ডভ্যানটি। শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাড়ে ১০টার পর যান চলাচল শুরু হয়েছে।