গজারিয়ায় ১৩ দোকান ভস্মীভূত
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে হোসেন্দী বাজারে ঈদুল ফিতরের দিন অগ্নিকাণ্ডে ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এলাকাবাসীর সহায়তায় দাউদকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গত শনিবার সকাল সাড়ে আটটায় সাইফুল ইসলামের প্রসাধনীর দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে।
হোসেন্দী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু জানান, অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আপন কুমার মজুমদার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।