গজারিয়া চরে আটকে পড়া লঞ্চ থেকে সরানো হলো যাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের কবলে পড়ে মেঘনার চরে আটকে পড়েছে চাঁদপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি দেশান্তর। আজ রোববার সকাল ১০টায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া চরে এ ঘটনা ঘটে। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, লঞ্চটিতে চার শতাধিক যাত্রী ছিল। পরে অন্য একটি লঞ্চ সেখানে পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়।

ওই লঞ্চের মালিকপক্ষের প্রতিনিধি মিল্টন জানান, ঢাকা থেকে তাঁদের আরেকটি লঞ্চ এমভি সোনারতরী ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে। তবে লঞ্চটি এখনো চরে আটকে আছে বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, আজ সকাল ৭টা ২০ মিনিটে চাঁদপুর লঞ্চঘাট থেকে দেশান্তর নামের লঞ্চটি ঢাকার উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে নয়টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হলে লঞ্চটি একটি চরে আটকে ওপরে উঠে যায়। অনেক চেষ্টা করেও চালক সেটি নামাতে পারেননি।

এদিকে একই গন্তব্যের এমভি ইগল-৩ লঞ্চটিও পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ঝড়ের কবলে পড়ে। তবে সেটি চরে আটকায়নি।

ওই লঞ্চের যাত্রী মিজানুর রহমান জানান, প্রচণ্ড ঝড় শুরু হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে চালক লঞ্চটিকে পাড়ে নিয়ে থামিয়ে রাখেন। সকাল সাড়ে ১০টার দিকে লঞ্চটি আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শিকদার হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঝড়ের কবলে পড়া দুটি লঞ্চের যাত্রীরা নিরাপদে আছে।