গজারিয়া থানার ওসির প্রত্যাহার চেয়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ ও মুন্সিগঞ্জের গজারিয়া থানার ওসি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় একটি ইউনিয়নের বাসিন্দারা। গতকাল শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন চলাকালে এলাকাবাসী অভিযোগ করেন, মিথ্যা মামলা দিয়ে বালুয়াকান্দি ইউপির চেয়ারম্যান শহিদুজ্জামান ওরফে জুয়েলসহ সাধারণ মানুষকে ওসি হেদায়েতুল ইসলাম হয়রানি করছেন। হয়রানি ও পুলিশের দুর্নীতি বন্ধে ওসি হেদায়েতুলকে প্রত্যাহারের দাবি করেন তাঁরা।
অভিযোগের বিষয়ে ওসি হেদায়েতুল ইসলাম বলেন, বালুয়াকান্দিতে বর্তমান ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান ও সাবেক চেয়ারম্যান মর্জিনা বেগমের সমর্থকদের মধ্যে বিরোধ রয়েছে। দুই পক্ষের সংঘর্ষের সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধানকে মারধর করা হয়। এ ঘটনায় আল আমিন প্রধানের পক্ষে থানায় মামলা করা হয়। মামলা নেওয়ার পর থেকে আরেকটি পক্ষ এমন অভিযোগ করছে।