গজারিয়া ভূমি কার্যালয়ে মিলছে না কাঙ্ক্ষিত সেবা
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ভূমি কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) পদটি গত ছয় বছরের অধিকাংশ সময় খালি রয়েছে। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।এই পদে দায়িত্ব নিয়ে আসা প্রত্যেকেই অল্প সময়ের মধ্যে নিজের পছন্দের জায়গায় বদলি নিয়ে চলে গেছেন। কেউ আবার প্রশিক্ষণের উদ্দেশ্যে দীর্ঘ সময় থেকেছেন কর্মস্থলের বাইরে। এই সময়ের মধ্যে প্রায় আড়াই বছরই সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করেছেন ইউএনওরা, যাঁরা নিজ কার্যালয়ের দায়িত্ব পালন করে ভূমি কার্যালয়ে খুব কমই সময় দিতে পেরেছেন।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০০৬ সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোট ছয়জন এসেছেন। তাঁদের প্রায় সবাই স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করে সুবিধাজনক স্থানে বদলি হয়ে চলে যান। নথিপত্র থেকে জানা গেছে, এই ছয় বছর সময়কালে মোট নয়বার ভূমি কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব নিতে হয়েছে ইউএনওদের। ছয় বছরে মধ্যে প্রায় আড়াই বছরই ইউএনওরা সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্র জানায়, সর্বশেষ গত বছরের ১ নভেম্বর গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আসেন মোহাম্মদ ইসমতউল্লাহ। তবে কাজে যোগদানের সাত দিনের মাথায় তিনি প্রশিক্ষণের উদ্দেশ্যে ঢাকার সাভারে চলে যান। বর্তমানে তিনি সেখানে দুই মাস মেয়াদি একটি ভূমি জরিপবিষয়ক প্রশিক্ষণে রয়েছেন। এ অবস্থায় গত ১৪ নভেম্বর থেকে গজারিয়ার ইউএনও মোসাম্মৎ কামরুন্নাহার সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।কার্যালয় সূত্র আরও জানায়, নামজারি, জমির রেকর্ড সংরক্ষণ, ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, খাসজমি বন্দোবস্ত, আশ্রয়ণ প্রকল্প, হাটবাজার ব্যবস্থাপনা, অর্পিত সম্পত্তির ব্যবস্থাপনা, বালুমহাল, ভূমি উন্নয়ন কর আদায়ের মতো কাজগুলো এই কার্যালয়ের মাধ্যমেই সম্পন্ন হয়। কার্যালয়ে বর্তমানে প্রায় আড়াই শ খারিজ আবেদন ও ভুল সংশোধন (মিসকেস) মামলার আবেদনসহ বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে আছে। তাই সেবাগ্রহীতারা দিনের পর দিন কার্যালয়ে ধরনা দিয়ে কাজ সারতে পারছেন না।ভূমি কার্যালয়ের কাজে অসুবিধার কথা স্বীকার করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসতমউল্লাহ। গত বৃহস্পতিবার মুঠোফোনে তিনি প্রথম আলোকে জানান, চলতি মাসের মধ্যেই প্রশিক্ষণ শেষ করে তিনি কর্মস্থলে ফিরবেন।