মুন্সিগঞ্জের গজারিয়া, টাঙ্গাইলের মির্জাপুর, হবিগঞ্জের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোট নয়জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে।আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: গজারিয়া (মুন্সিগঞ্জ): গতকাল শুক্রবার সকালে গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া-পাখি পয়েন্টে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত ও ৪০ জন আহত হয়। নিহত ব্যক্তিরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পর্শিবুনিয়া গ্রামের শহিদুল ইসলাম (৩০), ফেনীর নৈরাজপুর গ্রামের আবদুল করিম (৬৫), খাগড়াছড়ির সদর উপজেলার শুভ্রজা চাকমা (৪২) ও চাঁদপুরের উত্তর মতলব উপজেলার দক্ষিণ নাদুয়া গ্রামের বাসিন্দা নিলুফা আক্তার ফাতেমা (৫০)। হবিগঞ্জ: মাধবপুর উপজেলার ওলিপুর নামক স্থানে গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুতগামী অপর একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের অজ্ঞাতনামা চালক নিহত হন। প্রায় একই সময়ে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ভাদৈ নামক স্থানে রাস্তার পথচারী চান মিয়াকে (৭০) একটি পিকআপ ভ্যান চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মির্জাপুর (টাঙ্গাইল): উপজেলা সদরের সাহাপাড়া থেকে গত বৃহস্পতিবার বিকেলে ১৪ জন যাত্রী নিয়ে একটি টেম্পো যাওয়ার সময় সরিষাদাইড় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তলিয়ে যায়। যাত্রীদের মধ্যে ১১ জন সাঁতরে কিনারায় উঠতে পারলেও তিনজন নিখোঁজ থাকেন। পরে তিনজনকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। এদের মধ্য থেকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কামারপাড়া চাঁনপুর গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী হাজেরা বেগম (৪০) ও গোড়াই ইউনিয়নের বারবাড়িয়া গ্রামের বাসিন্দা বরকত আলী (৪৮) মারা যান। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল শুক্রবার বিকেলে সাতবর্গ গ্রামের বাসিন্দা অমৃত সাহা (৬০) রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।