গজারিয়ার গৃহবধূর লাশ কুমিল্লায় উদ্ধার
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার রোজিনা বেগম নামের এক গৃহবধূর লাশ গত সোমবার উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লার মেঘনা থানার পুলিশ ওই এলাকার লুটেরচর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে।এলাকাবাসীর অনেকে জানান, গজারিয়া উপজেলার মীরেরগাঁয়ে রোজিনার বাবার বাড়ি। বিয়ে হয়েছে একই উপজেলার আনারপুরা গ্রামে। ছয় বছরের দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি তাঁর। এ কারণে শ্বশুরপক্ষের লোকজন তাঁকে হত্যা করতে পারে।রোজিনার পরিবার জানায়, ১ আগস্ট রোজিনার স্বামী মো. হারুন তাঁকে নিয়ে আসেন। ৩ আগস্ট রোজিনার বাবা ইসমাইল মিয়া মেয়েকে শ্বশুরবাড়িতে দেখতে যান। এ সময় শ্বশুরবাড়ির লোকজন জানায়, তাঁকে কোথাও পাওয়া যাচ্ছে না। পরে এ বিষয়ে ইসমাইল ওই দিনই গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১০১) করেন। এ সময় ইসমাইলকে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুজিবুর রহমান জিডির একটি কপি দিয়ে বিদায় করেন। পরে দেখা যায়, আসলে জিডিটি থানায় নথিভুক্ত করা হয়নি।ইসমাইল অভিযোগ করে বলেন, পুলিশ রোজিনার নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত করলে হয়তো রোজিনার করুণ পরিনতি হতো না। তাঁর অভিযোগ, এএসআই মুজিবুর রোজিনার স্বামী হারুনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে জিডিটি নথিভুক্ত করেননি। জিডি নথিভুক্তকরণের বইতে ৩ আগস্ট ১০১ নম্বর জিডিটি থানার পাহারার দায়িত্বসংক্রান্ত বিষয়ের উল্লেখ রয়েছে। কিন্তু ইসমাইলের কাছে ১০১ নম্বর জিডির কার্বন কপিতে রোজিনার নিখোঁজ হওয়ার বিষয় উল্লেখ রয়েছে।এ বিষয়ে এএসআই মুজিবুর রহমান গতকাল কোনো মন্তব্য না করে এড়িয়ে যান। গজারিয়া থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোনটি ধরেননি।