গজারিয়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আটজন আহত
নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে এবং এলাকায় প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর গ্রামে আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের সমর্থকদের সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও পাঁচটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়ের বিরোধের জের ধরে টেংগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহফুজ সরকার এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আ. গাফফারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে গজারিয়া থানা ও আদালতে ২২টি মামলা করে।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু মোল্লা জানান, দুপুর ১২টার দিকে মাহফুজ সরকারের পক্ষের লোকজন প্রথমে গাফফারের সমর্থক মামুনের ঘরে আগুন দেন। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাতটি ঘরে অগ্নিসংযোগ এবং পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন-উর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে কয়েকটি মামলাও করা হয়। ঈদের আগের দিন সন্ধ্যায় দুই পক্ষের নেতৃস্থানীয় ব্যক্তিদের থানায় ডেকে এনে সমঝোতা করতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা সমঝোতায় না গিয়ে সংঘর্ষে জড়ান। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।