গজারিয়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ-ভাঙচুর আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানিরচর গ্রামে গতকাল মঙ্গলবার সকালে যুবদলের এক কর্মীকে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
এদিকে এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন প্রথম আলোর গজারিয়া প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ। সন্ত্রাসীরা তাঁকে মারধর করে তাঁর মুঠোফোন (ব্লাকভেরি মডেল ৮৯০০) কেড়ে নেয়। মহিউদ্দিন ঘটনার সময় সন্ত্রাসীদের অস্ত্র প্রদর্শনের চিত্র তাঁর মুঠোফোনের ক্যামেরায় ধারণ করেছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে গজারিয়া উপজেলা যুবদলের কর্মী আজিজুল হক ফাহিম ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে ইসমানিরচর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ইসমানিরচর সেতুর কাছে কয়েকজন তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এলাকায় ছড়িয়ে পড়ে, ফাহিম মারা গেছেন। এই খবরে উত্তেজিত বিএনপির নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে ইসমানিরচরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর চালান।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় রাজনৈতিক প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে ফাহিমের বড় ভাই গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরুজ্জামান ফরাজী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ. রউফ মুফতির পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই গতকাল হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।
গজারিয়া থানার ওসি মো. মামুন-উর-রশিদ জানান, ইসমানিরচর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার প্রথম আলোর গজারিয়া প্রতিনিধি মহিউদ্দিন গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদারকে জানানো হয়েছে।