মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর গ্রামে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার আওয়ামী লীগ এবং বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও নয়টি বাড়িতে ভাঙচুর-লুটপাট চালানো হয়। আহত হন উভয় পক্ষের ১৫ জন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের পর থেকে টেংগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহফুজ সরকার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবদুল গাফ্ফারের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ও আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিক মামলা করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাহফুজ সরকারের পক্ষের লোকজন প্রথমে গাফ্ফারের সমর্থক মামুনের ঘরে আগুন দিলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের সাতটি ঘরে অগ্নিসংযোগ ও পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়। তখন উভয় পক্ষের আটজন আহত হন। এর জের ধরে গতকাল সকালে উভয় পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের চারটি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন-উর-রশিদ বলে, দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি আঁচ করতে পেরে ঈদের আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের ১০ জনকে থানায় এনে ঝগড়াবিবাদ করতে বারণ করা হয়েছিল। এর পরও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে উভয় পক্ষ থানায় চারটি লিখিত অভিযোগ দিয়েছে। দুটি মামলা নথিভুক্ত করেছে পুলিশ। গ্রেপ্তার করেছে উভয় পক্ষের ১২ জনকে। উদ্ধার করেছে দুটি দেশীয় অস্ত্র।
নারায়ণগঞ্জে ১৪ জন আহত: নারায়ণগঞ্জ নগরের হাজীগঞ্জ এলাকায় গতকাল ক্রিকেট খেলা নিয়েহাতাহাতির জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুরে হাজীগঞ্জের কিল্লারপুল এলাকায় হাজীগঞ্জ দুর্গের ভেতরে নগরের তল্লা ও হাজীগঞ্জ এলাকার লোকজন ক্রিকেট খেলার আয়োজন করেন। খেলার একপর্যায়ে বেলা তিনটার দিকে একজনের আউট হওয়ার আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে তল্লা এলাকার লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে এম সার্কাস এলাকায় হামলা চালিয়ে প্রতিপক্ষের সাত-আটটি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করেন। এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে এম সার্কাস এলাকার লোকজন বেলা সাড়ে তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল শুরু হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ্জালাল মুন্সী জানান, ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় এলাকার লোকজন সড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকায় গতকাল দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে বড়ালু এলাকার খোরশেদ আলম তাঁর বাড়িতে গ্যাস-সংযোগ নেওয়ার জন্য পাইপলাইন স্থাপনের কাজ করছিলেন। এ সময় কাজে বাধা দেন প্রতিবেশী আওলাদ হোসেন। একপর্যায়ে উভয় পক্ষ বাগিবতণ্ডা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে খোরশেদ আলম, সুমন, আওলাদ ও হনুফা নামের চারজন আহত হন। তাঁদের মধ্যে দুজনকে রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।