গজারিয়ায় আ.লীগের দুই নেতাকে কুপিয়ে জখম
মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম বীর প্রতীক ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সোলাইমান দেওয়ানকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গজারিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আহত নেতাদের পক্ষের লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন।
রফিকুল ও সোলাইমান গজারিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের পক্ষে কাজ করছিলেন। এ দুই নেতার ওপর হামলার ঘটনায় গতকাল রাতে অপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা রেফায়েত উল্লাহ খানের পক্ষের ২৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
গজারিয়া উপজেলা পরিষদে আজ রোববার ভোট হবে। গতকাল সকালে প্রার্থীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমন্বয় সভা আয়োজন করে প্রশাসন। ওই সময় ব্যক্তিগত গাড়িতে করে রফিকুল ইসলাম ও সোলাইমান দেওয়ান সেখানে যান। উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাঁরা হামলার শিকার হন। তাঁদের কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা চলে যায়। স্থানীয় লোকজন তাঁদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মজিবুল হক মোল্লা জানান, দুজনের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আহত নেতাদের পক্ষের লোকজন দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভাটেরচর এলাকা অবরোধ করে রাখেন। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন সন্ধ্যায় বলেন, হামলা ও আহতের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা লাঞ্ছিত: গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ টি এম মাহবুব-উল করিমকে নির্বাচনী কাজে নিয়োজিত লৌহজং থানার এএসআই মো. এমদাদ লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা তিনটার দিকে উপজেলায় উপজেলা পরিষদের নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ তদারক করছিলেন ইউএনও। মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার মোর্শেদ চৌধুরী বলেন, ওই এএসআইকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকারকে তদন্তের দায়িত্ব দিয়ে এক কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।