গজারিয়ায় আ.লীগের দুই নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত নেতারা হলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান দেওয়ান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে রফিকুল ইসলাম ও সোলায়মান দেওয়ান ব্যক্তিগত গাড়িতে করে রসুলপুর এলাকায় উপজেলা পরিষদ কার্যালয়ে যান। তাঁরা গাড়ি থেকে নেমে উপজেলা পরিষদ ভবনের প্রধান ফটকের দিকে গেলে ১৫-১৬ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কোপালে তাঁরা আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় লোকজন বলছে, আগামীকাল রোববার গজারিয়া উপজেলা নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ জানান, রক্তাক্ত অবস্থায় রফিকুল ইসলাম ও সোলায়মানকে উদ্ধার করে চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ঘটনার পর সোলায়মানের পক্ষের লোকজন দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত গজারিয়া অংশের ভাটেরচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।