গজারিয়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ ১৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ ১৫ জন আহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগের বালুয়াকান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও কর্মী আবদুল গফুরের লোকজনের মধ্যে ওই সংঘর্ষ হয়।সংঘর্ষে উভয় পক্ষ রাম দা, টেঁটা, বল্লম, লোহার রডসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে সাইদুল ইসলাম, সিরাজ মিয়া, জসিম উদ্দিন, মুক্তার হোসেন ও আবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম গতকাল বুধবার বলেন, আড়ালিয়া গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। মঙ্গলবার রাতেই আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান বাদী হয়ে প্রতিপক্ষের অর্ধশত ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছেন। অন্যদিকে আবদুল গফুর বাদী হয়ে হাবিবুর রহমানের পক্ষের অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করে একই রাতে পাল্টা মামলা করেন।