গজারিয়ায় আট গ্রামের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন টেঙ্গারচর ইউনিয়নের আট গ্রামের এক হাজার ২০০ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল সোমবার বেলা একটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও মুন্সিগঞ্জের নির্বাহী হাকিম আল আমিন এ অভিযান পরিচালনা করেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ অঞ্চল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পািন লিমিটেড জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ৮ বাই ৫০ পিএসআইজি মূল সঞ্চালন লাইন থেকে তিন ইঞ্চি ব্যাসার্ধের পাইপের মাধ্যমে টেঙ্গারচর ইউনিয়নের আট গ্রামের ঘরে ঘরে অবৈধ আবাসিক সংযোগ নেওয়া হয়। আট গ্রামের প্রায় এক হাজার ২০০ রাইজার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গ্রামগুলো হলো মিরেরগাঁও, উত্তরশাহপুর, বৈদ্দেরগাঁও, টেঙ্গারচর, মাথাভাঙ্গা, বড়ভাটেরচর, মধ্যভাটেরচর ও বাজারিয়া ভাটেরচর।
স্থানীয় লোকজন জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও কর্তৃপক্ষ গতকাল পর্যন্ত কোনো মামলা বা কাউকে গ্রেপ্তার করেনি।
স্থানীয় লোকজন জানান, গজারিয়া উপজেলার বািক সাত ইউনিয়নের ঘরে ঘরে এমন আরও কমপক্ষে অবৈধ পাঁচ হাজার রাইজার রয়েছে।
তিতাসের সোনারগাঁ অঞ্চলের ব্যবস্থাপক আবু জাফর মো. সুলতান আহমেদ জানান, ‘অবৈধ সংযোগ বিচ্ছিন্নের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কারণ, আমরা মাত্র গজারিয়ার এক ইউনিয়নের সংযোগ বিচ্ছিন্ন করেছি। এমন আরও অন্য ইউনিয়নে অবৈধ সংযোগ রয়েছে। সেগুলোতেও শিগগির অভিযান চালাব।’ মামলা বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা প্রসঙ্গে জানান, ‘আপাতত আমরা মূল সংযোগটা বিচ্ছিন্ন করে দিচ্ছি।’