গজারিয়ায় ইয়াবাসহ নেতার ছেলে গ্রেপ্তার
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্যবাউশিয়া এলাকা থেকে বুধবার রাতে ইয়াবা বড়িসহ মো. আনিসুর রহমান ওরফে উজ্জ্বল (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গজারিয়া উপজেলা শাখা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. আমানউল্লাহর ছেলে।পুলিশ ও থানায় দায়ের করা এজাহার সূত্রমতে, আনিসুর রহমান দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। সূত্র জানায়, বুধবার রাতে গজারিয়া থানার পুলিশ মধ্যবাউশিয়া এলাকায় অবস্থিত সোনম প্রপার্টিজ কোম্পানি লিমিটেডের স্থানীয় কার্যালয়ের একটি কক্ষ থেকে আনিসুর রহমান ও সোনম প্রপার্টিজের স্থানীয় কার্যালয়ের তত্ত্বাবধায়ক মো. জসিম উদ্দিনকে (৪০) আটক করে। এ সময় মাসুম, নজরুল ও জুয়েল নামের তিন ব্যক্তি পালিয়ে যান। পরে পুলিশ আনিসুর রহমানের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি ও ইয়াবা বিক্রির দুই হাজার ৩০০ টাকা উদ্ধার করে। এ ঘটনায় গজারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মজিবুর রহমান গজারিয়া থানায় মামলা করেছেন। মামলায় আনিসুর রহমান, পলাতক মাসুম, নজরুল ও জুয়েলকে আসামি এবং মো. জসিম উদ্দিনকে সাক্ষী করা হয়েছে।জসিম উদ্দিনকে আসামি না করে সাক্ষী করার বিষয়ে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন প্রথম আলোকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রভাবশালী পরিবারের সদস্য আনিসুর রহমান জসিম উদ্দিনকে জিমিঞ্চ করে তাঁদের ওখানে বসে মাদকদ্রব্য বিক্রি করছিল।