গজারিয়ায় একই স্থানে আ.লীগ ও বিএনপির কর্মসূচি, ১৪৪ ধারা
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গতকাল শুক্রবার একই স্থানে একই সময় বিএনপি ও আওয়ামী লীগ ভিন্ন ভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়৷ পরে সহিংসতা এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
পুলিশ ও প্রশাসন জানায়, বিএনপি চার-পাঁচ দিন আগে থেকেই জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা দুইটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদি মাঠে আলোচনা ও গণভোজের আয়োজন করে। গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগ ওই মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। বিষয়টি প্রশাসনের নজরে এলে সহিংসতা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মাহবুবুল করিমের পক্ষে থেকে মাইকিং করে ১৪৪ ধারা জারি করা হয়৷ এ কারণে গতকাল বিএনপি তাদের গণভোজ ও আওয়ামী লীগ তাদের খেলার আয়োজন করতে পারেনি৷ এই ১৪৪ ধারা ওই মাঠ ও আশপাশ এলাকায় গতকাল সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বলবৎ থাকে৷
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন বলেন, ‘শেষ মুহূর্তে আওয়ামী লীগ আমাদের কর্মসূচি বানচাল করার জন্য খেলার আয়োজন করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে ওই মাঠে কোনো খেলার আয়োজন করা হয়নি। তবে গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল্লাহ সেখানে খেলার আয়োজন করতে পারেন৷ শফিউল্লাহর উদ্যোগে সেখানে খেলার আয়োজনের কথা শুনেছি।’ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল্লাহর সঙ্গে একাধিকবার মুঠোফোনের যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি৷
ইউএনও এ টি এম মাহবুবুল করিম ১৪৪ ধারা জািরর সত্যতা নিশ্চিত করেছেন।