গজারিয়ায় গণপিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গণপিটুনিতে আহত এক ব্যক্তি নয় দিন পর মারা গেছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত শাকিল (২৬) কুমিল্লার মেঘনা উপজেলার শেখেরগাঁও গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গজারিয়া উপপরিদর্শক (এসআই) মো. হানিফ সরকারের ভাষ্যমতে, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় গজারিয়ার বলেশ্বর ইউনিয়নের আলীপুরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের শিকার হন সোলায়মান নামের এক ব্যক্তি। টের পেয়ে আশপাশের লোকজন তিন ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে পিটুনি দেয়। পরে ওই তিনজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলার পর দুই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আরেক ছিনতাইকারী শাকিলের অবস্থা গুরুতর হওয়ায় পরদিন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ১১টার দিকে শাকিলের মৃত্যু হয়। এসআই হানিফ ছিনতাইয়ের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা।