গজারিয়ায় গণহত্যা দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় আজ মঙ্গলবার গজারিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনী ফুলদী নদীর উপকণ্ঠের ১০টি গ্রামে তিন শ নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করে।
এ দিবসকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গজারিয়া ইউনিয়ন পরিষদ, গজারিয়া প্রেসক্লাব, গজারিয়া পাবলিক লাইব্রেরি, গজারিয়া ইউনিয়ন শহীদ কল্যাণ পরিষদ শহীদদের স্মরণে গোসাইরচর গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর গজারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গজারিয়ার গণহত্যা নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. রেফায়েত উল্লাহ খান তোতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দৈনিক মুন্সিগঞ্জের কাগজের সম্পাদক মোহাম্মদ আরফিন, আলোকচিত্রী সাহাদাত পারভেজ, গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু তালেব ভূঁইয়া, মুক্তিযোদ্ধা তানেস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম প্রমুখ।
স্মৃতিচারণ করেন সেদিনের ঘটনায় গুলিবিদ্ধ আবুল হোসেন, মো. জহিরুল হক মাস্টার, আমির হোসেন ও জালাল আহমেদ। আলোচনা শেষে গজারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের ৭০ জন দুস্থ সদস্যকে ২০ কেজি করে চাল ও বস্ত্র প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।