গজারিয়ায় গণহত্যার শহীদদের স্মরণ

মুন্সিগঞ্জের গজারিয়ায় গণহত্যার শিকার শহীদদের স্মরণে আজ সোমবার নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, গণকবরে পুষ্পমাল্য অর্পণ এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণা অনুষ্ঠান।
গজারিয়া পাবলিক লাইব্রেরি, মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করা মুক্ত আসর নামের একটি সংগঠন ও গজারিয়া প্রেসক্লাব দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরুতে গজারিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শহীদদের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ওই বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৬ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান বীর প্রতীক। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে অর্জন তা ধরে রাখতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের পতাকা বহন করবে।’
আলোচনা সভায় বক্তব্য দেন রফিকুল ইসলাম বীর প্রতীক, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল খালেক, মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার আবদুর রহমান, গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জসিম উদ্দীন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, গজারিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নির্মাতা ইমেইল হক, সাংবাদিক মহীউদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ।
১৯৭১ সালের এই দিনে (৯ মে) পাকিস্তানি সেনাবাহিনী গজারিয়ার ইসমানিরচর, গোসাইরচরসহ ১০ গ্রামের প্রায় সাড়ে তিন শ নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করে। ওই দিনের স্মৃতিচারণা করেন আবুল হোসেন ও শাহজালাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাহাদাত পারভেজ।
আলোচনা শেষে শহীদদের শ্রদ্ধা জানিয়ে গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।