গজারিয়ায় চেয়ারম্যান হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুদ্দিন প্রধান হত্যা মামলায় গতকাল শুক্রবার রাতে উপজেলার ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন সরকারকে (৪৭) পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা গেছে, ২৩ মার্চ গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনের দিন বালুয়াকান্দির বড় রায়পাড়া গ্রামে সন্ত্রাসীদের হামলায় নিহত হন সামছুদ্দিন প্রধান।
এ ঘটনায় সামছুদ্দিন প্রধানের স্ত্রী মর্জিনা বেগম পরদিন আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীসহ ২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে থানায় মামলা করেন।
একই ঘটনায় আহত চেয়ারম্যানের ভাতিজা টিটু মিয়া মুন্সিগঞ্জ বিচারিক হাকিম আদালতে আরেকটি আরজি দায়ের করেন।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন প্রথম আলোকে জানান, আদালতের নির্দেশে আরজিটি হত্যা মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এতে লোকমান হোসেন সরকারের নাম থাকায় গতকাল রাত সোয়া নয়টার দিকে ভবেরচরের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রেপ্তার করা সন্দেহভাজন দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সকালে সামছুদ্দিন প্রধান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বালুয়াকান্দি এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার এমদাদ হোসেন আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সহিংসতায় নির্বাচনের দিন সামছুদ্দিন প্রধান, পরদিন উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক মাহবুব আলম এবং নির্বাচনের দিন গুলিবিদ্ধ বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি আ. মান্নান দেওয়ানের স্ত্রী লাকী আক্তার ২৭ মার্চ মারা যান।