গজারিয়ায় ছিনতাইকারী মলম পার্টির দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে মলম পার্টি ও ছিনতাইকারীচক্রের দৌরাত্ম্য বেড়েছে। গত এক মাসের ব্যবধানে অন্তত ১৯ জন যাত্রী, পথচারী ও সাধারণ মানুষ এই চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মহাসড়কের আনারপুরা নামক স্থানে দাউদকান্দির ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের চোখে মলম লাগিয়ে নগদ ১৮ হাজার টাকা, মুঠোফোন ও হাতঘড়ি রেখে নামিয়ে দিলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা থেকে একটি মাইক্রোবাসযোগে দাউদকান্দি যাচ্ছিলেন। একই কায়দায় সর্বস্ব হারান চাঁদপুরের মতলব উপজেলার জাকির হোসেন, কুমিল্লার বরুড়া উপজেলার নাছিম উদ্দিন ও তিতাস উপজেলার আবুল কালাম মিয়া। গত ২৫ জুলাই আবু তালেব মিয়া পুরান বাউশিয়া এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। গত ২৮ জুলাই ছিনতাইয়ের শিকার হন ভবেরচর এলাকার শেখ আবু নাছের। একই কায়দায় দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ডে সর্বস্ব হারান আরেক ব্যবসায়ী। তিনি তাঁর ব্যবসায়ী বন্ধুর পাওনা টাকা পরিশোধ করতে এলে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে গজারিয়া থানা পুলিশ এ ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।এ ছাড়া গত ৭ আগস্ট বালুয়াকান্দি, ১৫ আগস্ট আলীপুরা ও ১৪ আগস্ট ভবেরচরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১২ আগস্ট পুরান বাউশিয়া গ্রামের আবুল কাশেম শিকার হন মলম পার্টির। সর্বশেষ গত ১৬ আগস্ট ভোরে মহাসড়কের আনারপুরা এলাকায় ভুট্টাভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের শিকার হয়। ট্রাক ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন জানান, এই ব্যাপারে গজারিয়া থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে কুমিল্লার নিমসার এলাকা থেকে খালি ট্রাকটি উদ্ধার করলেও গাড়িতে থাকে ভুট্টা উদ্ধার করতে পারেনি।পরিস্থিতির কথা স্বীকার করে গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন, মহাসড়কে টহল জোরদার করা হয়েছে।