গজারিয়ায় ছয় বাড়িতে ডাকাতি, মালামাল লুট, আহত ৫
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর ও পুরান বাউশিয়া গ্রামে গত শুক্রবার রাতে ছয় বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাতেরা এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ লুট করে নিয়েছে ২০ লক্ষাধিক টাকার মালামাল। ডাকাতদের হামলায় আহত হয়েছেন পাঁচজন। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার আবদুল্লাহপুর গ্রামের আবদুল বাতেন বেপারী, মনসুর মিয়া, ফারুক হোসেন, সেলিম ও আফাজ এবং পুরান বাউশিয়া গ্রামের আবদুল বাতেনের বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা অস্ত্রের মুখে ওই পরিবারগুলোর সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। তারা আবদুল বাতেন বেপারী (৫২), সেলিম (৪৫), আফাজ (৫৫), ফারুক (৩৮) ও রাজীবকে (২৮) কুপিয়ে ও পিটিয়ে জখম করে। একপর্যায়ে তারা দেড় লাখ টাকা, প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।