গজারিয়ায় ট্রাকচাপায় বিএনপি নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউশিয়ায় পাখি পয়েন্টে গতকাল মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা মজিবুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় জনতা মফিজুর রহমান ও শাহীন নামের দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে মজিবুর রহমান চরবাউশিয়ার পাখি পয়েন্ট থেকে বাউশিয়া ঘাটে যাওয়ার জন্য বাসে ওঠার সময় ধাক্কাধাক্কিতে নিচে পড়ে যান। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান মজিবুর রহমান। গজারিয়া থানার ওসি এস এম শহিদুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, এখনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে।