গজারিয়ায় তরুণের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্তের অভিযোগ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় সোহেল মিয়া (২৭) নামে এক তরুণের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চবিদ্যালয়ের একাধিক স্কুলছাত্রী ও পরিবারের সদস্যরা এ ব্যাপারে অভিযোগ করেছেন।সোহেল ভবেরচর এলাকার মিজানুর রহমান ওরফে মিজান কসাইয়ের ছেলে।এক অভিভাবক গতকাল রোববার বিদ্যালয়ে এসে ছাত্রী উত্ত্যক্তের বিষয়ে মৌখিক অভিযোগ করেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেফায়েতউল্লাহ খান বিষয়টি গজারিয়া থানা পুলিশকে জানান। অভিভাবক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, গত শনিবার দুপুরে বিদ্যালয় থেকে ফেরার পথে সোহেল দুই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় বিদ্যালয়ের দশম শ্রেণীর দুই ছাত্র সোহেলকে সহযোগিতা করে বলে অভিযোগ রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. আল-আমিন জানান, গত দেড় মাসে সোহেল প্রায় ২০ জন ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করেছেন। অভিভাবকেরা লোকলজ্জার ভয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দেননি। শনিবার করিমখা ও হোগলাকান্দি গ্রামের একাধিক ছাত্রী এবং অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুল শুরুর আগে ও ছুটির পর আসা-যাওয়ার পথে বেশ কয়েকজন তরুণ বিচ্ছিন্নভাবে ছাত্রীদের উত্ত্যক্ত করে। এর মধ্যে সোহেল বিভিন্ন সময় ছাত্রীদের ছুরি নিয়েও ভয় দেখান।গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদউদ্দিন জানান, প্রাথমিক তদন্তে ছাত্রী উত্ত্যক্তের বিষয়টির সত্যতা পাওয়া গেছে। এক অভিভাবককে দিয়ে ওই তরুণদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।