গজারিয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মনারকান্দি মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বক্তারকান্দি ও মনারকান্দি গ্রামের দুটি ক্লাবের মধ্যে ফাইনাল ম্যাচ ছিল। এতে বক্তারকান্দি ক্লাব হেরে যায়। খেলার শেষ পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়। খবর পেয়ে গজারিয়া থানার পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। গজারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়ার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।