গজারিয়ায় দুই পক্ষে আবার সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামে শামসুদ্দিন প্রধানের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রয়াত চেয়ারম্যান শামসুদ্দিন প্রধানের ভাতিজা জুয়েল প্রধানের সঙ্গে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরিত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের চারটি শেল নিক্ষেপ করে।
গত ২৩ এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনে শামসুদ্দিন প্রধানকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও গুলি করে হত্যা করে। আওয়ামী লীগের নেতা আমানউল্লাহসহ ২৩ জনকে আসামি করে মামলা করা হয়। আমানউল্লাহসহ আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর এই নিয়ে কয়েক দফা দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান প্রথম আলোকে বলেন, কেউ মামলা দিতে আসেননি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।