গজারিয়ায় দুটি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দেওয়ায় চার শতাধিক শিক্ষার্থীকে বারান্দা, গাছতলা ও পাশের পরিত্যক্ত মুরগির খামারে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। আধারমানিক ও করিমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনকে উপজেলা প্রকৌশল কার্যালয় থেকে ২০ দিন আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় এ অবস্থা চলছে। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা ও প্রকৌশলীর কার্যালয়, শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটি জানায়, আধারমানিক বিদ্যালয়ের ১৩৭ জন শিক্ষার্থীকে ভবনের বারান্দা ও সামনের আমগাছতলায় পাঠদান করানো হচ্ছে। করিমখাঁ বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে পাশের পরিত্যক্ত একটি মুরগির খামারে পাঠদানের প্রস্তুতি নেওয়া হয়েছে।আধারমানিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান মো. সাইদুল্লাহ জানান, গত এপ্রিলের শেষ সপ্তাহ থেকে বিকল্প ব্যবস্থা হিসেবে ফাটল ধরা ভবনের বারান্দা ও সামনের আমগাছতলায় ক্লাস নেওয়া হচ্ছে। করিমখাঁ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সলিমউল্লাহ বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবনে ক্লাস না করতে নির্দেশ দিয়েছেন। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে পাশের পরিত্যক্ত মুরগির খামার পরিষ্কার করেছি। গ্রীষ্মের ছুটি শেষে জুন মাস থেকে সেখানে শিক্ষার্থীদের পাঠদান করা হবে।’ গজারিয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়েদুল হক জানান, বিদ্যালয় দুটির ভবনগুলোর ছাদের প্লাস্টার খসে রড বের হয়ে যাওয়ায় সেগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। সাময়িকভাবে বিকল্প ব্যবস্থায় ক্লাস নিতে প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।