গজারিয়ায় দুপক্ষের সংঘর্ষে আ. লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতের এই সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হন। ভাঙচুর চলে অন্তত ৪০টি বাড়িতে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরাজিত দুই চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন ও ইসহাক আলীর দ্বন্দ্ব চলছিল। গত বৃহস্পতিবার রাতে আলমগীরের সমর্থক বলে পরিচিত টেঙ্গারচর গ্রামের শাহীন মিয়া একই গ্রামের ইসহাকের আত্মীয় ও টেঙ্গারচর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের (৫৬) বাড়ির উঠোন দিয়ে যাচ্ছিলেন। রায়হান উঠোন দিয়ে যাতায়াতে মানা করলে শাহীনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে কিছুক্ষণ পরই শাহীন দলবল নিয়ে রায়হানের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষই দেশীয় নানা ধরনের অস্ত্র ব্যবহার করে। এতে রায়হানসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। গুরুতর অবস্থায় রায়হানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ খবরে ইসহাকের ক্ষুব্ধ সমর্থকেরা প্রতিপক্ষের বাড়িতে হামলা চালানো শুরু করে। তারা অন্তত ৪০ বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। অনেকেই গ্রেপ্তার হওয়ার ভয়ে লুকিয়ে চিকিৎসা নেন।সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে আলমগীর হোসেন দাবি করেন, এলাকায় তাঁর কোনো পক্ষ-বিপক্ষ নেই। ইসহাক অভিযোগ করেন, আলমগীরের পক্ষের লোকজন সব সময় তাঁর সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। গতকালও একই ঘটনা ঘটে। গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে টেঙ্গারচর গ্রামের নুরুল হক, মজিবুর রহমান, আল-আমিন, আমিরউদ্দিন, নজরুল ইসলাম ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটটি টেঁটা উদ্ধার করা হয়েছে। ঘটনার পরদিন গতকাল শুক্রবার সকালে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রায়হানের স্ত্রী শিউলি বেগম শুক্রবার রাতে ৪৪ জনকে আসামি করে মামলা করেছেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া প্রথম আলোকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের বিরোধ দীর্ঘদিনের। নির্বাচনের পর থেকে এ পর্যন্ত উভয় পক্ষে পাল্টাপাল্টি ১১টি মামলা রয়েছে।