গজারিয়ায় দেড় মাসে আ.লীগের দুই নেতা-কর্মীসহ তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় রাজনৈতিক সহিংসতায় গত দেড় মাসে আওয়ামী লীগের দুই নেতা-কর্মীসহ তিন ব্যক্তি খুন হয়েছেন।এর মধ্যে মো. রায়হান সরকার (৫৬) উপজেলার টেংগারচর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ গত বৃহস্পতিবার খুন হওয়া মো. রফিকুল ইসলাম (৫০) ছিলেন আওয়ামী লীগের কর্মী।গজারিয়া থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টেংগারচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের পরাজিত দুই প্রার্থী মো. আলমগীর ও ইসহাক আলীর সমর্থকদের সংঘর্ষে ১ সেপ্টেম্বর রাতে খুন হন রায়হান। আহত হয় উভয় পক্ষের অন্তত ৩৫ জন। ইসহাকের সমর্থক ছিলেন রায়হান।রায়হান খুন হওয়ার কয়েক মাস আগে আলমগীর ও ইসহাকের পক্ষ পরস্পরের বিরুদ্ধে মারধর, সংঘর্ষ, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা করে। রায়হান হত্যার ঘটনায় তাঁর স্ত্রী শিউলি বেগম একটি মামলা করেন। ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইসহাক এবং তাঁর সমর্থকদের বিরুদ্ধে দুটি মামলা করেন আলমগীরের সমর্থক জসিম উদ্দিন ও সালাহউদ্দিন মাস্টার। রায়হান হত্যা মামলায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করলেও তাঁরা জামিনে আছেন।যোগাযোগ করা হলে টেংগারচর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. শাহজাহান খান প্রথম আলোকে বলেন, ‘টেংগারচরের খুনের ঘটনা স্থানীয় বিএনপি নেতাদের উসকানিতে হয়েছে। তাঁরা হত্যা ও ভাঙচুর করে আইনশৃঙ্খলার অবনতি করে সরকারের ওপর দায় চাপাতে চাচ্ছেন।’রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় হয়নি। ফলে, এখন ভিসেরা প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হচ্ছে।রায়হান হত্যা ঘটনার পর একই ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামে ৬ অক্টোবর প্রতিপক্ষের হাতে খুন হন হাসিনা বেগম (২৭)। এ ঘটনায় হাসিনার মা ফাতেমা বেগম গ্রামের মাসুদ, তুহিন, নাছির ও সাদেক মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা করেন। গতকাল শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।সর্বশেষ গত বৃহস্পতিবার উপজেলার হোসেন্দী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের পরাজিত দুই প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল মতিন এবং উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. আরিফ হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান আওয়ামী লীগের কর্মী মো. রফিকুল ইসলাম (৫০)। তিনি আরিফের সমর্থক ছিলেন।চরবলাকীতে ওই সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের অন্তত ৩৫ জন। হামলা, ভাঙচুর ও লুটপাট চলে অন্তত ৩০টি বাড়িতে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ। রফিকুল খুন হওয়ার আগে উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে গজারিয়া থানায় চারটি মামলা করেছে।এ ব্যাপারে হোসেন্দী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক প্রথম আলোকে বলেন, চরবলাকীর আওয়ামী লীগের নেতাদের নিয়ে বসে কয়েক দফা সমঝোতার চেষ্টা করা হয়েছে। কোনো পক্ষই সমঝোতা-উদ্যোগে সহযোগিতা করেননি বলেই এই খুনের ঘটনা ঘটে।এই তিনটি হত্যার ঘটনা ছাড়াও গত দেড় মাসে গজারিয়ার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও মলম পার্টির দৌরাত্ম্য বেড়েছে। বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজনের লাশ উদ্ধার করা হয়েছে।উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুজ্জামান আইনশৃঙ্খলা-পরিস্থিতি অবনতি হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘টেংগারচর ও চরবলাকীতে বিবদমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কয়েক দফা সভা করেছি। তবু ফলপ্রসূ হয়নি। এর পরও খুনের ঘটনা ঘটছে। এটা দুঃখজনক।’তবে এসব ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে গজারিয়া থানার ওসি মো. আরজু মিয়া প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি খুনের ঘটনায় পৃথক মামলা হয়েছে। সুষ্ঠু তদন্তের পর আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।’