গজারিয়ায় পাঠ্যপুস্তক পায়নি মাদ্রাসার ২৪০০ শিক্ষার্থী
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইবতেদায়ি (প্রাথমিক) ও দাখিল (মাধ্যমিক) পর্যায়ের ১১টি মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর দুই হাজার ৪০০ শিক্ষার্থীর হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক গত বৃহস্পতিবার পর্যন্ত পৌঁছায়নি। গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট মাদ্রাসা সূত্রে জানা গেছে, ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর এবং দাখিল মাদ্রাসা পর্যায়ের শুধু নবম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক হাতে পেয়েছে। অন্যদিকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর কোনো শিক্ষার্থী বই না পাওয়ায় তারা শিক্ষাপ্রতিষ্ঠানে গরহাজির থাকাসহ পুরোদমে পড়াশোনা শুরু করতে পারছে না। মাথাভাঙা মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. আলীম ক্ষোভের সঙ্গে জানান, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক হাতে পেলেও মাদ্রাসা পর্যায়ের বেশির ভাগ শিক্ষার্থী বছরের ১৭ দিন পার হওয়ার পরও বই পায়নি। গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানা মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে না পারার কথা স্বীকার করে জানান, ‘কবে নাগাদ বই দিতে পারব, তা-ও নিশ্চিত করা যাচ্ছে না।’