গজারিয়ায় পাল্টাপাল্টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত মঙ্গলবার পৃথক আরও একটি মামলা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে টেংগারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পরাজিত দুই চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলমগীর ও ইসহাক আলীর দ্বন্দ্ব চলছিল। গত বৃহস্পতিবার আলমগীর পক্ষের মতিন মিয়া, মারুফ, শাহীন ও নজরুল ইসহাক পক্ষের রায়হান উদ্দিনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩৫ জন আহত হন। গুরুতর অবস্থায় রায়হানকে (৫৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ইসহাক আলীর পক্ষের লোকজন প্রতিপক্ষ মো. আলমগীরের সমর্থক ও আত্মীয়স্বজনদের কমপক্ষে ৪০টি বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায়। ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মতিন বাদী হয়ে ইসহাককে প্রধান আসামি করে ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করে গত মঙ্গলবার রাতে মামলা করেছেন। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার টেংগারচর গ্রাম পরিদর্শন শেষে গত মঙ্গলবার ভাঙচুর ও লুটপাটের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলার পর মতিন ওই মামলা করেন। এর আগে রায়হানের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে গত শুক্রবার ৪৪ জনের নামসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া পাল্টাপাল্টি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।