গজারিয়ায় পিকআপ উল্টে নিহত ৪
মুন্সিগঞ্জের গজারিয়ায় আজ বুধবার সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে একটি পিকআপ ভ্যান উল্টে গেলে চালকসহ চারজন নিহত এবং তিনজন আহত হন।
ভবেরচর হাইওয়ে পুলিশ জানায়, উপজেলার আলীপুরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- চালক ইব্রাহীম খলিল (২৯), যাত্রী মামুন (২৭), তজমুদ্দিন (২৪) ও সাদ্দাম হোসেন (৩৪)। তাঁদের সবার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। লাশগুলো ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, পিকআপ ভ্যানে করে ঢাকা থেকে চালক এবং ছয়জন যাত্রী কুমিল্লা যাচ্ছিলেন। বিকেল পৌনে চারটার দিকে পথে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপ ভ্যানটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে লাশ হস্তান্তর করা হবে।