মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে গত মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে জলদস্যুদের সংঘর্ষ হয়েছে। এ সময় জলদস্যুদের ধারালো অস্ত্রের আঘাতে গজারিয়া থানার পুলিশ সদস্য মো. আ. মালেকের (৩২) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার পুলিশ সদস্য।
আহত পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ কুমার দাস, কনস্টেবল মো. ইব্রাহিম মিয়া, শামীম মিয়া ও মো. ফারুক হোসেন। তাঁদের মধ্যে প্রথম তিনজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যজনকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গতকাল বুধবার পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গজারিয়া থানার এএসআই প্রদীপ কুমার দাসের নেতৃত্বে মঙ্গলবার রাতে পুলিশ টহল দিচ্ছিল। রাত দেড়টার দিকে উপজেলার জামালদী এলাকার এসকো সিমেন্ট কারখানার পাশে মেঘনা নদীতে কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকার আরোহীদের পুলিশ চ্যালেঞ্জ করে। আচমকা জলদস্যু দলের আট থেকে ১০ জন সদস্য ধারালো অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত কনস্টেবল আ. মালেক নদীতে ঝাঁপ দেন। তারা কুপিয়ে আরও চার পুলিশ সদস্যকে জখম করে। জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে। পুলিশ সদস্যরাও পাল্টা ১১টি গুলি ছোড়েন।
গতকাল সকাল ১০টার দিকে ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আরিফুল ইসলামের নেতৃত্বে ডুবুরিরা আ. মালেকের মৃতদেহ উদ্ধার করেন। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ বাড়ি ঢাকার ধামরাইয়ের বালিথা গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। তাঁর দুই সন্তান রয়েছে।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, জলদস্যুদের ডাকাতির কাজে ব্যবহূত নৌকা, লোহার রড কাটার যন্ত্র, লোহার
রড, রামদা, চাপাতি, একটি পাইপগান ও একটি মুঠোফোন জব্ধ করা হয়েছে।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদউদ্দিন জানান, ডাকাত দলের একাধিক সদস্য গুলিবিদ্ধ হতে পারে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সোনারগাঁ থানার মো. শাহজালাল (২৩) ও গজারিয়ার তৈতুতলা গ্রামের ভাঙারি ব্যবসায়ী সাহাবুদ্দিনকে (৫২) আটক করেছে পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।