গজারিয়ায় পুলিশ নিহতের ঘটনায় দুটি মামলা
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে জলদস্যুদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। গত বুধবার রাতে গজারিয়া থানার পুলিশ বাদী হয়ে হত্যা ও অস্ত্র আইনে মামলা দুটি দায়ের করে।
গত মঙ্গলবার রাতের ওই সংঘর্ষে পুলিশের সদস্য আ. মালেক নিহত ও এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) চারজন আহত হন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, হত্যা মামলায় মো. শিপু মিয়া, মো. শাহজালাল ও ভাঙারি ব্যবসায়ী সাহাবুদ্দিনের (৫২) নাম উল্লেখ ও অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। অস্ত্র আইনের মামলায় মো. শিপু মিয়া ও মো. শাহজালালের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়।
মামলা দুটির তদন্ত কর্মকর্তা ও গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর রশিদ জানান, গ্রেপ্তারকৃত শাহজালাল ও সাহাবুদ্দিনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। আশা করা যাচ্ছে, স্বল্প সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যাবে।