গজারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল রোববার দুপুরে ও গত শনিবার গভীর রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন। আহত ব্যক্তিদের ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কাজেম আলী (২২) ও মাসুদ রানা (১৮), কুমিল্লা কোতোয়ালি থানার দ্বিতীয় মুরাদপুর এলাকার জুয়েল (৩২) ও অজ্ঞাতপরিচয় এক নারী (৩২)।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স গজারিয়া উপজেলার বালুয়াকান্দি তেতৈতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক জুয়েল ও আরোহী নারী নিহত হন। অ্যাম্বুলেন্সে থাকা আরও তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের পরিচয় জানা যায়নি।
ভচেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আশরাফ হোসেন জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে গত শনিবার গভীর রাতে মেঘনা-গোমতী সেতুর কাছে গজারিয়ার বাউশিয়া পাখি পয়েন্ট এলাকায় রংপুর থেকে চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় মাসুদ রানা (১৮) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় কাজেম আলীকে (২২) স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ দুর্ঘটনায় ২২ জন যাত্রী আহত হন।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম।