গজারিয়ায় প্রস্তাবিত তাপবিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়ার ইমামপুর ইউনিয়নের ষোলআনী ও দৌলতপুর মৌজায় প্রস্তাবিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। গত শুক্রবার এ কর্মসূচি পালন করা হয়।
সভায় ভূমি মালিকেরা ষোলআনী ও দৌলতপুর মৌজায় তিন ফসলি জমির পরিবর্তে বিদ্যুৎকেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। সভায় গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. কলিমউল্লাহ্, গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, ইমামপুর ইউপির সাবেক সদস্য হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
স্থানীয় সূত্র জানায়, ষোলআনী ও দৌলতপুর মৌজায় ৩১৪ একর জমির ওপর ৩৫০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এ প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার দায়িত্ব পায়। জাতীয় পার্টির নেতা কলিমউল্লাহ বলেন, ‘তাপবিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে আমার প্রায় তিন একর ফসলি জমি চলে যাবে।’